ভারতের মণিপুরে দুই নারীকে সংঘবদ্ধ যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার হাজার সদস্য। রাজ্যটিতে সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো।
শনিবার আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরামের (আইটিএলএফ) মহিলা শাখা দ্বারা আয়োজিত বিক্ষোভে রাজধানী ইম্ফল থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে উপজাতীয় সংখ্যাগরিষ্ঠ শহর চুড়াচাঁদপুরে প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভে নেতৃত্বদানকারী ধর্মীয় ও মহিলা সংগঠনের নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। মের শুরুতে মেইতি এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে রাজ্যে ১৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
সম্প্রতি কুকি-জো উপজাতির দুই নারীকে বিবস্ত্র করে ঘোরানোর একটি ভিডিও ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ইন্টারনেট ব্যাপকভাবে অবরুদ্ধ এবং সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা সত্ত্বেও বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়।
ফুটেজে দেখা যাচ্ছে, দুই নগ্ন নারীকে ঘিরে রয়েছে অসংখ্য যুবক, যারা তাদের একটি মাঠে টেনে নিয়ে যায়।
শনিবার এ ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ রাজীব সিং বলেছেন, অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
১৮ মে দায়ের করা একটি পুলিশ অভিযোগ অনুসারে, একটি পরিবারের দুই পুরুষ সদস্যকে হত্যার পর ওই পরিবারের দুই নারীকে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। অভিযোগে ‘অজ্ঞাত দুর্বৃত্তদের’ দ্বারা ধর্ষণ ও হত্যার কথা বলা হয়েছে।
বিক্ষোভকারীরা কুকি উপজাতির দুর্গ চুড়াচাঁদপুরের একটি খোলা মাঠে একটি ‘স্মৃতির দেয়াল" সাইটে জড়ো হন এবং সহিংসতায় নিহত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ডামি কফিন রাখেন।
কুকি উইমেনস অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর চেয়ারপার্সন এনগাইনিইকিম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নৃশংসতায় সহায়তার পর ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ‘মৃত্যুদণ্ডের সম্ভাবনা বিবেচনা করে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। সবাই জানুক, আমাদের সমাজে এ ধরনের জঘন্য কাজের কোনো স্থান নেই’।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রায় ৪০০ নারী-পুরুষ একই ধরনের দাবিতে বিক্ষোভ করেছে। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই’ এবং ‘পদত্যাগ করুন, বীরেন সিং’।
আরও পড়ুন: ক্লাস্টার বোমা ব্যাবহারে সাংবাদিক হত্যার অভিযোগ রাশিয়ার
অন্যদিকে, মারাত্মক জাতিগত সংঘর্ষ দেশটির সংসদকেও কাঁপিয়ে দিয়েছে। বিরোধী দলের সদস্যরা কার্যধারা অবরুদ্ধ করে মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
অন্য সমস্ত সংসদীয় কার্যাবলী স্থগিত করা এবং প্রধানমন্ত্রীর বিবৃতিসহ সহিংসতার ওপর পার্লামেন্টে বিতর্ক শুরু করার দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
একাত্তর/এসজে