আফ্রিকার ছয় দেশকে বিনামূল্যে গম দেবে রাশিয়া

আফ্রিকার দরিদ্রতম বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়াসহ ছয়টি দেশে বিনামূল্যে গম দেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান ইউনিয়ন-এইউ এর ১৭ নেতার সাথে বৈঠকে একথা বলেন তিনি। 

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হয়েছে দুদিনের রাশিয়া-আফ্রিকা সম্মেলন। এ সম্মেলন ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকায় বলয় বাড়ানোর কৌশল নিয়েছেন। চেষ্টা করছেন দেশগুলোর সমর্থন ধরে রাখার। 

তাই, আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। তিনি বলেন, আগামী মাসগুলোয় বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫-৫০ হাজার টন খাদ্যশস্য বিনা মূল্যে পাঠাতে পারবো। 

পুতিন বলেন, আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ গম সরবরাহ করে রাশিয়া। আর ইউক্রেন থেকে আসে মাত্র ৫ শতাংশ। গত বছর শস্যচুক্তি আওতায় রাশিয়ার কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর দেয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারসহ কোনো শর্তাই পূরণ করেনি পশ্চিমারা।

তিনি আরও বলেন, আমরা দেখলাম, এই চুক্তিকে পশ্চিমারা সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। ইউক্রেনের গমের সবগুলো চালান গেছে ইউরোপে। আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের ভাগ পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব দিয়েছিল, সেগুলোও প্রত্যাহার করা হয়নি।

সম্মেলনে পুতিন বলেন, দরিদ্রতম দেশগুলোকে সহায়তা হিসেবে বিনামূল্যে গম ও সার পাঠাতেও বাধা দিয়েছে মার্কিনজোট। ইউরোপের বিভিন্ন বন্দরে দিনের পর দিন রাশিয়ার ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে ছিলো।

তিনি আরও বলেন, শস্য চুক্তির পর আমরা ইউরোপের বিভিন্ন বন্দর থেকে মাত্র ৪৪ হাজার টন সার নিয়ে এসে আফ্রিকার দেশ মালাউইকে ২০ হাজার টন ও কেনিয়াকে ৩৪ টন সার বিনামূল্যে দিতে পেরেছি। বাকি সব সার ইউরোপের বিভিন্ন দেশ লুট করে নিয়েছে।

আরও পড়ুন: এলিয়েন নিয়ে মার্কিন কংগ্রেসের ঐতিহাসিক বৈঠক

সম্মেলনে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ আহ্বান জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন আজালি আসোউমানি। এদিকে, জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


একাত্তর/আরএ