রাশিয়ার দাগেস্তানে পেট্রোল পাম্পে আগুন, নিহত ১২

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার এ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে বলে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে। খবর: তাস।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানান, কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত দাগেস্তানের রাজধানী শহর মাখাচকালায় আগুনে ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে ১২ জন মারা গেছে।

পোস্টে আরও বলা হয়েছে, গুরুতর আহতদের মস্কোতে সরিয়ে নিতে একটি বিমান মাখাচকালায় পাঠানো হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি গাড়ি পরিষেবা স্টেশনের বিল্ডিংয়ে হয়েছিল। যেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগুন লেগেছিল।

দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে বলেছেন, স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। বিস্ফোরণের কারণ ও ধরণ স্পষ্ট করতে তদন্ত হচ্ছে।

রাশিয়ান দৈনিক ইজভেস্টিয়া টেলিগ্রামে এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, আগুন এমন একটি এলাকায় শুরু হয়েছিল যেখানে গাড়ি পার্ক করা ছিল এবং পরে তা পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথায় পড়ে যায়, আমরা আর কিছুই দেখতে পাইনি।’

‘রিয়া নভোস্তি নিউজ’ এজেন্সির টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একটি বিল্ডিং থেকে আগুনের শিখা উঠছে এবং তারপরে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে হোটেলে বিস্ফোরণে তিনজন নিহত

আগুন প্রায় ৬০০ বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ২৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে। 


একাত্তর/জো