ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পোষা কুকুর নিয়ে বাকবিতণ্ডার জেরে দুইজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে রাজপাল সিং রাজাওয়াত নামে ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী তার বাড়ির বারান্দা থেকে প্রতিবেশীদের লক্ষ্য করে গুলি চালান, এতে দুইজন নিহত এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ অমরেন্দ্র সিং জানান, রাজপাল সিং ব্যাংক অব বরোদার একটি স্থানীয় শাখায় নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত। পোষা কুকুর নিয়ে বাকবিতণ্ডার জেরে তিনি তার লাইসেন্স করা শটগান দিয়ে গুলি চালান।
এরইমধ্যে রাজপাল, তার ছেলে সুধীর এবং আরেক আত্মীয় শুভমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রাজপাল এবং তার প্রতিবেশী সুবিমল আমচা, রাত ১১টার দিকে কৃষ্ণ বাগ কলোনীর একটি সরু গলিতে তাদের কুকুর নিয়ে হাঁটছিলেন। এসময় তাদের কুকুর একে অপরকে দেখে চিৎকার শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এর পরপরই রাজপাল প্রথমে তার বাড়িতে দৌড়ে যান এবং বাড়ির বারান্দা থেকে শটগান দিয়ে গুলি চালান।
সামাজিক মাধ্যমে এ ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাজপাল শটগান লোড করছেন এবং রাস্তা লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। এসময় ৩৫ বছর বয়সী আমচা ও তার ২৭ বছর বয়সী শ্যালক রাহুল ভার্মা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: 'ব্রিকস' নিয়ে পুতিন-রাইসি ফোনালাপ
পুলিশ জানিয়েছে, রাহুল ভার্মার গর্ভবতী স্ত্রী জ্যোতি ভার্মার চোখে গুলি লেগেছে। এছাড়া সে সময় রাস্তায় ছিলেন এমন অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একাত্তর/আরবিএস