১৬৭ আরোহী নিয়ে রুশ উড়ানের জরুরি অবতরণ

১৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়ান জরুরি অবতরণ করেছে। এটি কৃষ্ণ সাগরের সোচি রিসোর্ট থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিলো।

স্থানীয় সময় মঙ্গলবার রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মস্কো টাইমসের। 

মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ উড়ানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সংস্থাটি সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, নোভোসিবিরস্ক অঞ্চলের একটি বনের কাছাকাছি অবস্থিত একটি মাঠে উড়ানটি অবতরণ করেছে। 

কারিগরি ত্রুটির কারণে উড়ানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।

জরুরি অবতরণের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ।