নাইজারের পর

বুর্কিনা ফাসো থেকে ফরাসি সামরিক অ্যাটাশে বহিষ্কার

‘নাশকতামূলক কার্যক্রম’ চালানোর অভিযোগ আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক সরকার দেশটিতে নিযুক্ত ফরাসি সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। আফ্রিকার আরেক দেশ নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দেয়ার কয়েক সপ্তাহের মাথায় এ পদক্ষেপ নিলো বুর্কিনা ফাসো। 

শুক্রবার এক চিঠির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

ওই চিঠিতে বুর্কিনা ফাসোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি সামরিক অ্যাটাশে ইমানুয়েল প্যাসকুইয়ের ও তার সহকর্মীরা দেশ ত্যাগ করার জন্য দুই সপ্তাহ সময় পাবেন। 

বুর্কিনা ফাসোর রাজধানী ওউয়াগাডোউগুস্থ ফ্রান্সের সামরিক মিশন পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলেও হুমকি দিয়েছি দেশটির সামরিক সরকার।  

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বুর্কিনা ফাসোতে ‘নাশকতামূলক কার্যক্রম’ চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।  

প্যারিসে ফরাসি মন্ত্রণালয়ে একজন মুখপাত্র বলেন, নাশকতামূলক কার্যক্রম চালানোর অভিযোগ সম্পূর্ণ কল্পনাপ্রসূত। 

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্স সমর্থিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন বুর্কিনা ফাসোর সেনা কর্মকর্তারা।

ক্যাপ্টেন ইব্রাহিম ত্রায়োরের নেতৃত্বাধীন সেনাবাহিনী বুর্কিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করার পর ফ্রান্স তার সাবেক এই উপনিবেশ থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।