তুরস্কজুড়ে অভিযানে প্রায় এক হাজার আটক

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার পর দেশজুড়ে অভিযান চালিয়ে ৯২৮ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। মঙ্গলবার তুরস্কের ৬৪ প্রদেশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি- পিকেকে এর সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে জানিয়ে দেশটির পুলিশ কর্মকর্তারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, তুরস্কের ৬৪ প্রদেশে অভিযান চালিয়েছ পুলিশ। পিকেকে গোয়েন্দা কাঠামোর সাথে জড়িত থাকার সন্দেহে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও বলেন, এই অভিযানে ১৩ হাজার চার'শ নিরাপত্তা কর্মী অংশ নিয়েছে। এক হাজারের বেশি অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। এর আগে, আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় চালায় সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, ইস্তানবুল ও আশপাশের কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের জঙ্গিবাদ বিরোধী ইউনিটের সহযোগিতায় অন্তত ২০ জন আটক হয়েছেন। সে তালিকায় কুর্দি রাজনৈতিক দলটির বিভাগীয় প্রধান এবং প্রাদেশিক মুখপাত্রও রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, গোপনে গেরিলাদের অর্থ-অস্ত্রের যোগান দেন তারা।

উল্লেখ্য, গত রোববার সকালে পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই, রাজধানীর স্পর্শকাতর এলাকায় ঘটানো হয় আত্মঘাতী বিস্ফোরণ। যাতে আহত হন দুই নিরাপত্তাকর্মী। পাল্টা অভিযানে প্রাণ যায় অপর আততায়ীর। যাকে স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর কয়েক ঘণ্টা পর উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের উপর বেশ কয়েক দফা বিমান হামলা চালায় তুর্কি বিমান বাহিনী।

সরকারের দাবি, এ পর্যন্ত তারা ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা দিয়েছে এবং নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী পিকেকের বহু সংখ্যক জঙ্গিকে 'ঠেকিয়ে দেয়া' হয়েছে। পিকেকে জানিয়েছে, রোববার সকালে রাজধানী আঙ্কারায় বোমা হামলা চালিয়েছে তাদের সাথে যুক্ত একটি গ্রুপ, যাদের একজন সদস্য নিজেও ওই আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে। দ্বিতীয় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন এবং দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।