ইতালিতে ফিলিস্তিনিদের জন্যে একটি স্বাধীন ও যুদ্ধ মুক্ত প্যালেস্টাইন চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে বিভিন্ন দেশের অভিবাসীরা। মিলান, তোরিনো ও পালেরমোর পরে রাজধানী রোমে এই সমাবেশে গাজাতে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর এই হামলা বন্ধের আহবান জানান।
শুক্রবার বিকেল ছ’টা থেকে ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি জেরুজালেম, ফ্রিডম ফর গাজা’ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে এবং গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতেই শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিক্টোরিও।
ফিলিস্তিনি, আরবের বিভিন্ন দেশের এবং ইতালিয়ান নাগরিকসহ মানবাধিকার সংস্থাগুলো এই সমাবেশে উপস্থিত ছিলেন। হাতে ফিলিস্তিনিদের পতাকাসহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন সেই সঙে লাল ও সবুজ শিখা জ্বালিয়ে তারা প্রতিবাদ করে।
বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের দাবি জানান সমাবেশে ইতালিয়ান একজন যুবক। তিনি বলেন, ইতালির বড় বড় শহরে হচ্ছে এই সমাবেশ। আমরা চাই ফিলিস্তিনি রা নিরাপদে ও শান্তিতে থাকুক, সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ও বর্বরতা বন্ধ হোক।
সমাবেশে উপস্থিত একজন তিউনিসিয়া নারী বলেন, সেখানে পানি, খাবার ও কারেন্ট নাই, এমন কি বাসস্থান পর্যন্ত নাই, বহু বছর ধরে তারা আশায় আছে সেই দিনের যেদিন তারা সব কিছু ফিরে পাবে। সমাবেশে ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের সহানুভূতিকে মানবতা বিরোধী বলেছে বিক্ষোভকারীরা।
এ সময় ফিলিস্তিনি এক নারী বলেন, সেখানে নির্বিচারে আমাদের হত্যা করছে। শিশু, যুবক অথবা বৃদ্ধ কিছুই দেখছে না তারা, তাদের মধ্যে মানবিকতা নেই, আমরা আমাদের জন্মভূমিতে যেতে চাই, অক্ষত চাই আমাদের দেশকে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর একটা বোমা যেন গাজাতে না পড়ে।
ইরানি একজন শিক্ষার্থী বলেন, সব কিছুর উর্ধে উঠে আমাদের প্যালেস্টাইন ও প্যালেস্টাইনের জনগণকে বাঁচাতে হবে। এদিকে ইতালির বিভিন্ন অঞ্চল গুলোতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে সেই সঙ্গে বিভিন্ন মসজিদগুলোতে চলছে ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া।