গাজায় ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: ল্যাভরভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টাকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এমন মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি প্রচারিত হয় শনিবার।   

ল্যাভরভ বলেন, এসব হামলা বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে এবং কয়েক দশক স্থায়ী হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বোমা হামলা বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি অবরুদ্ধ পরিস্থিতি বন্ধ করে মানবিক সহায়তা চালু করা উচিত। 

যদি গাজা ধ্বংস হয় এবং সেখানকার ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, মস্কো এ সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানায়। ঠিক একইভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যে কোনো ধরনের হামলার বিরোধিতা করে। বিশেষ করে যখন বেসামরিক নাগরিকরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এদিকে পুতিন প্রশাসন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি গাজায় বিমানহামলা চালানোর জন্য ইসরাইলের নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহবান জানিয়েছে মস্কো।