গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রী

গাজা উপত্যকায় ইসরাইল পারমাণবিক বোমা ফেলতে পারে, এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিইয়াহু। এরইমধ্যে তাকে অনির্দিষ্টকালের জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক এক্স (আগের টুইটার) পোস্টে বলেছেন, ইলিইয়াহু বাস্তবতার নিরিখে এই মন্তব্য করেননি। 

তিনি আরও বলেন, ইসরাইল এবং তার সামরিক বাহিনী আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ী কাজ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিলিটিকো'র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কের মুখে ওই মন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠকে অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। 

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিইয়াহুকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক থেকে বহিষ্কার করা হয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরাইলের এই মন্ত্রী বলেন, হামাসের অভিযানের জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল যে মাত্রায় হামলা চালাচ্ছে তাতে তিনি পুরোপুরি সন্তুষ্ট না। গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইলিইয়াহুর এমন মন্তব্যের পর ইসরাইল-হামাসের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।