গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করলো তুরস্ক-মালয়েশিয়া

তুরস্ক ও মালয়েশিয়ায় অধ্যয়নরত ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুইটির সরকার। 

শিক্ষার্থীদের ফি মওকুফের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য ডনের। 

এ বিষয়ে এরইমধ্যে একটি আদেশ জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আদেশে বলা হয়েছে, তুরস্কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের এই বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার। 

এদিকে মালয়েশিয়ার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি এক বছরের জন্য মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটি।  

একইসাথে দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দিতে আলোচনা চলছে। এছাড়া তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেয়ার কথাও ভাবছে মালয়েশিয়া।