হানিয়ার সতর্কবার্তা, গ্যালান্টের হুঙ্কার

অবরুদ্ধে গাজায় চলছে চারদিনের যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতির জন্য হামাসের দেয়া সব শর্ত ইসরাইল মানতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন সশস্ত্র গোষ্ঠির শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। 
 
তিনি বলেন, দখলদার ইজরাইল গণহত্যা ও শক্তিপ্রয়োগের মাধ্যমে তাদের বন্দিদের মুক্ত করার যে ঘোষণা করেছিল, তা ব্যর্থ হয়েছে। হামাসের দেয়া শর্তেই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে তেল আবিব।
 
হানিয়া ইসমাইলকে সতর্ক করে বলেন, চার দিনের যুদ্ধবিরতি শেষ হবার পর ইজরাইলের সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পূর্ণ প্রস্তুত রয়েছে। 
তিনি জানিয়ে দিয়েছেন, গাজা উপত্যকায় নিজের অবস্থান থেকে একচুলও নড়বে না হামাস। তিনি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য কাতার ও মিশরকেও ধন্যবাদ জানান।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষ হবার পর গাজায় আবার হামলা চালানো হবে। 

তিনি জানান, অন্তত আগামী দু’মাস এই হামলা চলবে। তিনি ইসরাইলের সেনার উদ্দেশে বলেন, এটি সাময়িক বিরতি। বিশ্রাম নেয়ার সুযোগ নেই। শিগগিরই আবার মাঠে নামতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি।