গাজায় আরও ৬০ ইসরাইলি সেনা নিহত

মধ্য গাজার জুহর অ্যাড-ডিক এলাকার পূর্বাঞ্চলে বোমা হামলায় অন্তত ৬০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস সরকারের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। 

রোববার আল-কাসসাম ব্রিগেডের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা ফার্স।

এতে বলা হয়েছে, রোববার ভোররাতে জুহর অ্যাড-ডিক এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা। এসময় হামাস সেনারা ইসরাইলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। পরে এসব বোমা বিস্ফোরণে ইসরাইলের অন্তত ৬০ জন সেনা নিহত হয়।  

বিবৃতিতে আরও বলা হয়, এদিন বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ইসরাইলি সেনাদের ওপর আবারও আক্রমণ চালায় হামাস যোদ্ধারা। 

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। 

গাজা যুদ্ধে গেলো এক মাসে হামাসের হামলা ও পাল্টা হামলায় পাঁচ শতাশিক সেনা নিহত হয়েছে।   

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলের দখলকৃত অঞ্চলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে গাজায় এক মাসেরও বেশি সময় গণহত্যা চালাচ্ছে তেল আবিব। হত্যা করা হয়েছে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে।