তিন দশকের মধ্যে সর্বোচ্চ চাল রপ্তানি ভিয়েতনামের

চলতি বছরের ১১ মাসে তিন দশকের মধ্যে সর্বোচ্চ চাল রপ্তানি করেছে ভিয়েতনাম। বৃহস্পতিবার ভিয়েতনাম নেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নভেম্বরে দেশটি ৭৮ লাখ টন চাল রপ্তানি করেছে, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। এ সময় রপ্তানি থেকে আয় এসেছে ৪৪০ কোটি ডলার।

পূর্বাভাস বলছে, চলতি বছর শেষে দেশটিতে চাল রপ্তানি ৮০ লাখ টন ছাড়াতে পারে এবং আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৪৬০ কোটি ডলারে। মূলত বিশ্বজুড়ে চাহিদা বৃদ্ধি পাওয়া এবং চাল রপ্তানিতে ভারতের বিধিনিষেধের কারণে সরবরাহ সঙ্কট দেশটিতে রপ্তানি বাড়াতে বড় ভূমিকা পালন করেছে।

ভিয়েতনাম বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক। থাই রাইস এক্সপোরর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ভিয়েতনামে সরবরাহ কমে আসায় আমদানিকারকরা থাই চালের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ কারণে দেশটির চালের দাম সম্প্রতি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। থাই রপ্তানিকারকরা ফিলিপাইন ও ব্রাজিলের মতো অপ্রত্যাশিত ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ পাচ্ছে।

rice-export-vietnam1

উচ্চমূল্য সত্ত্বেও গুণগত মান ও সতেজতার কারণে আমদানিকারকদের কাছে ভিয়েতনামের চালের কদর বেশি বলে জানান দেশটির ব্যবসায়ীরা। জমি থেকে সংগ্রহের পর অল্প সময়ের মধ্যেই দেশটি চাল রপ্তানি করে।