ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, জানালেন কাদিরভ

ইউক্রেন যুদ্ধ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ। 

সার্বিয়ার বি৯২ টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে বুধবার তিনি একথা বলেন। 

কাদিরভ বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের বসন্তে অথবা গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের যুদ্ধ করার সমস্ত রসদ ফুরিয়ে যাবে। দেশটির সামরিক বাহিনীতে লোকবল, অস্ত্র ও অর্থের সংকট দেখা দেবে। এতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

এই যুদ্ধের প্রতি মুহূর্তের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে চেচেন সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এসময় ফিলিস্তিনি ও ইসরাইলের প্রসঙ্গ টেনে বলেন, ইসরাইল গাজা উপত্যকায় যেভাবে আগ্রাসন চালাচ্ছে, রাশিয়া যদি ইউক্রেনে সেভাবে হামলা চালাতো তাহলে তিন মাসের মধ্যে ইউক্রেনকে গুড়িয়ে দেয়া সম্ভব ছিলো। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ মেনে ইউক্রেনের অবকাঠামো ও শহরগুলো যতটা সম্ভব রক্ষা করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর ছয় মাসের মাথায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী। এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন।