দফায় দফায় ক্রুজ ক্ষেপনাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

‘রকটে ম্যান’ কিমের দেশ উত্তর কোরিয়া বুধবার সকালে পশ্চিম উপকূলের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফও। এতে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার আরও অবনতি ঘটাতে পারে।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল ৭টায় নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বিশ্লেষণ করছে। 

এছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার আরও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জেসিএস জানিয়েছে। চলতি মাসের মাঝামাঝিতেও নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া এমন এক সময়ে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল যখন দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিশেষ ইউনিট উত্তর কোরিয়ার সীমান্তবর্তী গ্যাংওয়ান প্রদেশের পূর্ব উপকূলে প্রশিক্ষণে অংশ নিয়েছে।

জেসিএস বলেছে, বিতর্কিত সামুদ্রিক সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক আর্টিলারি গোলাবর্ষণ এবং অস্ত্র পরীক্ষার পর অপারেশনাল প্রস্তুতি জোরদার করাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। চলতি বছর দেশটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েক ধরনের অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।