মঙ্গোলিয়ায় এলএনজি ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ছয়

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি বহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে  ছয় জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন যাত্রী ও তিন জন ফায়ার সার্ভিসের সদস্য। ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত চার শিশুর মধ্যে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বাকি তিনজন হাসপাতালের তত্ত্বাবধানে আছে।

ট্রাকটি ৬০ টন এলএনজি বহন করছিল। মঙ্গোলিয়ার স্থানীয় সময় বুধবার ভোরবেলায় ট্রাকটি একটি গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় দেশটির ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে আগুনের বড় বড় শিখায় পুরো সড়ক ছেয়ে গেছে। বিস্ফোরণে পুড়ে যাওয়া দুটো গাড়ির অংশ বিশেষ এবং পুরো সড়কজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ট্রাকের অংশবিশেষ পড়ে আছে।

বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি স্কুলের জানালাগুলো উড়ে যায়। এছাড়া, ঘটনাস্থলে কাছেই থাকা একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।