ফিলিপাইনে ভূমিধসে নিহত বেড়ে ৬৮

ফিলিপাইনে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রায় এক সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলে সোনার খনি সমৃদ্ধ একটি গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাতে মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

কর্মকর্তারা জানিয়েছেন, দাভাও দে ওরো প্রদেশে ওই বিপর্যয়ের পর এখন পর্যন্ত ৫১ জন নিখোঁজ রয়েছে। 
 
সেখানে আর কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। 

এদিকে শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে, একে একটি "অলৌকিক ঘটনা" বলে বর্ণনা করেছেন উদ্ধারকারীরা।

গত মঙ্গলবার মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনিসমৃদ্ধ গ্রাম মাসারোয় এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। 

ভূমিধসের সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত তিনটি বাস ও জিপ গাড়ি কাদায় আটকে অনেক শ্রমিক নিহত হয় । এছাড়া এ দুর্ঘটনায় গ্রামটির অনেক বাড়িঘরও ধ্বংস হয়েছে।