অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও নানা রাজনৈতিক জটিলতার মধ্যেই এবার হামাস সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ বা পিএ। এ নিয়ে ফেব্রুয়ারি মাসেই রাশিয়ার মস্কোতে বৈঠকে বসছে এই দুই দলসহ ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক দলগুলো।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মদ শতায়েহের বরাতে রোববার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মুহাম্মদ শতায়েহ বলেন, ফিলিস্তিনের সব দলকে এক বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রাজধানী মস্কোতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আমরা দেখব হামাস আমাদের সাথে মাঠে নামতে প্রস্তুত কিনা।
তিনি আরও বলেন, আমরা হামাসের সাথে জোটবদ্ধ হতে প্রস্তুত। তবে হামাস এক হতে না চাইলে সেটি হবে ভিন্ন গল্প।
চলমান পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিনি ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, তবে জোট করতে হলে হামাসকে কিছু পূর্বশর্ত পূরণ করতে হবে।
যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি হামাস কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, পুতিন সরকারে সাথে হামাসের সম্পর্ক ভালো, ফলে হামাসের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা আসবে বলেই ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ বা পিএ অথবা পিএনএ হলো ফিলিস্তিনের ফাতাহ-নিয়ন্ত্রিত একটি সরকারি সংস্থা, যা পশ্চিম তীরের কিছু অঞ্চল নিয়ন্ত্রণ করে। ১৯৯৩–১৯৯৫ অসলো চুক্তির ফলস্বরূপ এই সংস্থাটি গঠিত হয়। এটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র নামেও পরিচিত।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ২০০৬ সালে সংঘটিত ফিলিস্তিনি নির্বাচনের আগে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করতো এবং ফাতাহ ও হামাসের মধ্যে পরবর্তী দ্বন্দ্বে এটি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারিয়েছিল।