আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ৫৭ বছরের আগ্রাসন ও দখলদারিত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের প্রধান কার্যালয়ে এ আইনি যুক্তিতর্ক ও শুনানি শুরু হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধে আইনি যুক্তিতর্ক ও শুনানিতে ফিলিস্তিনি প্রতিনিধিরা প্রথম বক্তব্য রাখেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরাইলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছেন।
তিনি বলেছেন, ইসরাইলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার।
আল-মালিকি আরও বলেন, অনেকেই এই কথাগুলো শুনে হয়তো ক্ষুব্ধ হয়েছেন। তবে মানুষ বাস্তবতায় ভুগছে তা নিয়ে ফিলিস্তিনিদেরই ক্ষুব্ধ হওয়া উচিত।
এ শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে।