পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ কান্দাহারে নিহত

পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে খবর সংগ্রহ করতে গিয়ে তিনি নিহত হন।

দানিশ রয়টার্সের হয়ে কাজ করছিলেন। আফগার্ন স্পেশাল ফোর্সের সঙ্গে থেকে তিনি কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চলমান অভিযানের খবর সংগ্রহ করছিলেন।

আফগান সেনারা ওই অঞ্চলের অন্যতম প্রধান বাজার স্পিন বোলদাকের নিয়ন্ত্রণ নেয়ার সময় দানিশ এবং একজন সিনিয়র আফগান কর্মকর্তা নিহত হন।

কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় তালেবান ক্রসফায়ারের মধ্যে পড়ে দানিশ ও ওই কর্মকর্তা নিহত হন।

এর আগে দানিশ রয়টার্সকে জানিয়েছিলেন যে, সংঘর্ষের সময় বোমার স্প্লিন্টরে হাতে বাহুতে আঘাত পেয়েছেন এবং তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন।

কিন্তু স্পিন বোলদাক পুনর্দখলে তালেবান আবারো হামলা চালায়। এ সময় আহত দানিশ বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন।

এক আফগান কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় দানিশ একজন দোকানদারের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই তিনি গোলাগুলির মধ্যে পড়ে যান।

ফটোসাংবাদিক দানিশ রয়টার্সের ভারতীয় কার্যালয়ে মাল্টিমিডিয়া টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন। কিছুদিন আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ড্রোন ক্যামেরা দিয়ে দানিশের তোলা শ্মশানে সারি সারি মরদেহ দাহ করার ছবি গোটা বিশ্বের নজর কেড়েছিল।

এছাড়া, রোহিঙ্গা নির্যাতন এবং আশ্রয়কেন্দ্র নিয়ে দানিশের তোলা আলোকচিত্র বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে, যা তাকে এনে দেয় পুলিৎকার পুরস্কার।

দানিশ দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন করেন এবং একই প্রতিষ্ঠানের গণযোগাযোগ সেন্টার থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা গুনবি গ্রেপ্তার

টেলিভিশনে সাংবাদিকতায় হাতেখড়ি হবার পর, দানিশ ফটো সাংবাদিকতায় চলে আসেন এবং ২০১০ সালে রয়র্টার্সে শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন।


একাত্তর/আর