সৌদি আরবে একদিন সাতজনের শিরচ্ছেদ

বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করার দেশ হিসাবে সুপরিচিত সৌদি আরবে, সন্ত্রাসবাদের অভিযোগে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই সাতজন সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

এর আগে ২০২২ সালে একবার দেশটিতে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওইদিনের পর আজই আবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সৌদি আরবে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এনিয়ে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের ঘোরতর আপত্তি আছে।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। দেশটিতে এ বছর এখন পর্যন্ত ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছিলো। দু’বছর আগে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে সৌদি।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। যাদের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই সাতজন সন্ত্রাসবাদের পথ বেঁছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে, যার মাধ্যমে রক্ত ঝরানোর আহবান ছিলো। তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

উল্লেখ্য, গেলো বছর চীন এবং ইরানের পাশাপাশি সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষের সর্বোচ্চ দণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে গত বছরের ডিসেম্বরে ৩৮ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। যা পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিলো। সৌদি সরকার মনে করে শিরচ্ছেদই হচ্ছে ফাঁসি কার্যকরের ভালো উপায়।