ভারতের লোকসভা নির্বাচনের তফসিল শনিবার 

ভারতের লোকসভা নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে শনিবার। ওইদিন দুপুর তিনটায় ভোটের সূচি প্রকাশ করা হবে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) থেকে জানানো হয়েছে।

ইসিআইয়ের এক্স হ্যান্ডল পোস্টে এই তথ্য দিয়ে আরো বলা হয়েছে, কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে এদিন।

চার রাজ্য অরুণাচল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভার নির্বাচন লোকসভার সঙ্গেই হতে পারে বলে সেদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০১৯ সালে। সাত ধাপে হওয়া নির্বাচনে ভোট গ্রহণ চলে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত।

এরপর ভোট গণনা করা হয় ২৩ মে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হয়। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। 

ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিলো ১৯৫১ সালে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহেরু। অবশ্য স্বাধীনতার পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেহেরু।