‘ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে হুতিদের অভিযান’

দখলদার ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড পর্যন্ত ইসরাইল বিরোধী অভিযান বিস্তৃত করবে।

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে হুতি প্রধান আব্দুল মালিক আল-হুতি এ ঘোষণা দেন। খবর ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের।  

আব্দুল মালিক আল-হুতি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল বিরোধী অভিযান শুরুর পর থেকে গেলো পাঁচ মাসে এ পর্যন্ত প্রায় ৩৪ জন হুতি যোদ্ধা শহীদ হয়েছেন। 

তিনি আরও জানান, এ সময়ের মধ্যে এডেন উপসাগর ও লোহিত সাগরে ইয়েমেনের অভিযানে ৭৩টি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে বিভিন্ন জাহাজ ও বার্জকে লক্ষ্য করে ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে যাতে ৫৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

হুথি প্রধান আব্দুল মালিক আল-হুতি।

হুতি প্রধান বলেন, আমাদের অভিযানের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে এবং এরই মধ্যে ভারত মহাসাগরে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে।

গাজায় ইসরাইলের আগ্রাসন যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন এ নেতা। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। 

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকেও টার্গেট করার ঘোষণা দেয়।