রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার সাথে ইউক্রেন জড়িত থাকলে যুদ্ধক্ষেত্রে এর ভয়াবহ জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ আইনপ্রণেতা (এমপি) ও সাবেক জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ।
রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার বরাতে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কার্তাপোলভ বলেন, ইউক্রেন যদি মস্কো হামলায় জড়িত থাকে তবে রাশিয়ার উচিত যুদ্ধক্ষেত্রে এর প্রতিশোধ নেয়া।
এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে চারজন হামলার পর ইউক্রেনে পৌঁছানোর চেষ্টা করছিলো এবং সেখানে তাদের "যোগাযোগ" ছিলো।
ফলে কার্তাপোলভের সন্দেহ পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, এই ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।
এর আগে শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, ক্রোকাস সিটি হলে হামলায় আরও ১৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
হামলার ঘটনায় এরইমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তাপ্রধান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে চার জন সরাসরি হামলায় যুক্ত ছিলো।
অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।