রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বড় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইসাথে ইউক্রেনজুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারগো সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে অন্তত ৮২টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ কোম্পানিটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, রুশ হামলায় ট্রিপিলস্ক কয়লা বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সোভিয়েত আমলের কারখানাটিতে বড় আকারের আগুন লাগায় সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
শুক্রবার সকালে ইউক্রেনারগো জানায়, এখনও ডিনিপ্রো, পেট্রোভস্ক, ডোনেটস্ক, সুমি, খারকিভ এবং খেরসনের অধিকাংশ বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করেছে রাশিয়া।
এ পরিস্থিতি মোকাবেলায় শিগগিরিই আকাশ প্রতিরক্ষা সহযোগিতার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।