হিমাচলে পাহাড় থেকে নেমে এলো পাথর, নিহত ৯

ভারতের হিমাচল প্রদেশে পাথর ধ্বসে ৯ জন পর্যটক নিহত এবং দুই জন আহত হয়েছেন। রোববার সিমলার কিন্নাউর জেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, গেলো কয়েক দিনের ভারি বর্ষণে হিমাচলে ভূমিধ্বসের পূর্বাভাস ছিলো।

একটি পাহাড়ে ভূমিধ্বসের কারণে চূড়া থেকে পাথর গড়িয়ে পড়তে থাকে। এসব পাথর পাহাড়ের পাদদেশে থাকা একটি সেতুকে ধসিয়ে দেয় এবং পর্যটকদের গাড়ি বিধ্বস্ত করে।

কিন্নাউর জেলা পুলিশ সুপার সাজু রাম রানা বলেন, ‘মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে।

এতে আরো দেখা গেছে, গড়িয়ে পড়া পাথরের আঘাতে একটি সেতু ভেঙ্গে নদীতে পরে যাচ্ছে এবং পাদদেশে থাকা পর্যটকদের গাড়ি গুড়িয়ে দিচ্ছে।

জেলা পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় হতাহতদের সবাই পর্যটক এবং তারা সবাই একটি গাড়িতেই ছিলেন। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন। আর আহত দুজনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে।

একাত্তর/জো