বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার প্রতিরক্ষমন্ত্রী পদ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একের পর এক চমক দেখিয়ে চলেছেন। বেসামরিক পদমর্যাদার কোনও ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সামরিক দপ্তরের দায়িত্ব দিয়ে প্রথম চমকটি এক যুগ আগেই দিয়েছিলেন পুতিন।
২০১২ সালে, সামরিক বাহিনীতে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার পরও, শোইগুকে শীর্ষ জেনারেলদের সমপর্যায়ের প্রতিরক্ষা পোর্টফোলিও দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়ছিলেন পুতিন। পেশাগত জীবনে সার্গেই শোইগু ছিলেন একজন প্রকৌশলী। এরপরও প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দক্ষতার সঙ্গে পালক করেন শোইগু।
এবার সেই প্রতিরক্ষামন্ত্রীর পদেই একজন অর্থনীতিবিদকে দায়িত্ব নিয়ে আবারও চমক দেখালেন রুশ নেতা পুতিন। শোইগুর স্থলাভিষিক্ত হয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, এখন থেকেই তিনিই সামাল দেবেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়।
ক্রেমলিনের গণমাধ্যমবিষয়ক মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বেসামরিক নাগরিককে নিয়োগের প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে ‘উদ্ভাবন’ সক্ষমতা চাওয়া হচ্ছে। যে ব্যক্তি উদ্ভাবনকে যত বেশি গুরুত্ব দেবেন, তিনি যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন বলেও মন্তব্য করেন পেসকভ।
১৯৫৯ সালের ১৭ মার্চ বেলোসভ মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়াশুনা করেন এবং ১৯৮১ সালে অনার্সসহ স্নাতক হন । এরপর তিনি মানবসম্পদ উন্নয়ন নিয়ে গবেষণায় মনোযোগী হন। পরে রুশ ইন্সটিটিউট অফ ইকোনমিক ফোরকাস্টিংয়ের প্রধান ছিলেন ।
বেলোসভ ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই বছর অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন । এরপর ২০১২ সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে অর্থ ও অর্থনৈতিক বিভাগের পরিচালক ছিলেন । একই বছরে তিনি অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী নিযুক্ত হন।
২০২০ সালের ২১ জানুয়ারি বেলোসভকে মিখাইল মিশুস্টিনের মন্ত্রিসভায় রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। একই বছরের ১৯ মে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করের পুতিন। পলিটিকোর মতে, তিনি পুতিনের একজন সম্ভাব্য উত্তরসূরি।
নাম প্রকাশে অনিচ্ছুক রুশ সরকারের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে স্বাধীন রুশ ওয়েবসাইট দ্য বেল জানিয়েছে, বেলোসভকে রাষ্ট্রের একজন কঠোর রক্ষক হিসাবে দেখা হয়, যিনি বিশ্বাস করেন যে, রাশিয়া শত্রু দিয়ে ঘেরা। পুতিনের মতো তারও রুশ অর্থোডক্স চার্চের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে।
এমনকি প্রেসিডেন্ট পুতিনের মতো তিনি মার্শাল আর্টের ব্যাপারেও বেশ উৎসাহী। তরুণ বয়সে বেলোসভ কারাতেসহ বিভিন্ন খেলার অনুশীলন করতেন বলে জানা যায়। উপ-প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সহযোগী হিসাবে বেশ কয়েক বছর কাজ করেছেন।
২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়া অধিগ্রহণ করে তখন সেটাকে সমর্থন করার জন্য পুতিন একটি অর্থনৈতিক প্রতিনিধি দল গঠন করেছিলেন। বেলোসভ ওই দলের একমাত্র সদস্য ছিলেন বলে জানা যায়। বেলোসোভ, একজন অর্থনীতিবিদ হলেও সামান্য সামরিক অভিজ্ঞতাও রয়েছে।
রোববার ক্রেমলিন থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ভাবনী রাখার প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এ কারণে আন্দ্রেই বেলোসভকে প্রার্থী হিসেবে স্থির করেছেন পুতিন।