ধেয়ে আসছে রিমাল, ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইএমডি জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী ২৭ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলে অ্যালার্ট জারি করা হয়েছে। প্রদেশগুলোতে ২০৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ঝড়ের কারণে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে রোববার এ বন্দরের কার্গো এবং কনটেইনার হ্যান্ডলিং অপারেশন ১২ ঘণ্টা বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আইএমডি।

উপকূলবর্তী নিম্নাঞ্চল ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রিমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৯.৫০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪০ পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

এটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিলো।