উন্নত দেশেও আছে কোটা পদ্ধতি, তবে...

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। দেশে মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী কোটা ১০%, জেলা কোটা ১০%, উপজাতি কোটা ৫%, প্রতিবন্ধী কোটা ১% নিয়ে মোট ৫৬% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। বাংলাদেশে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বর্তমানে ৫৬ শতাংশ কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন মানুষদের চাকরি হচ্ছে বেশি।

শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও অনগ্রসর গোষ্ঠীর অগ্রসরতার জন্য উচ্চ শিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে। তবে, অন্যান্য দেশে সময় ও পরিস্থিতির আলোকে নিয়মিত সংস্কার করা হয় কোটা ব্যবস্থা, তবে সব দেশেই প্রাধান্য দেয়া হয় মেধাবীদের। তাহলে জেনে নেয়া যাক বিশ্বের অন্যান্য দেশগুলো কোটা পদ্ধতি কত শতাংশ ও কিভাবে সেটি প্রয়োগ হয়।

kota1

ভারত: প্রতিবেশী রাষ্ট্র ভারতেও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে। ভারতে মোট ৪ ধরণের কোটা রয়েছে; উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা এবং বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু কোটা। উপজাতি কোটা ৭.৫ শতাংশ, জাতভিত্তিক কোটা ১৫ শতাংশ এবং সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য ২৭ শতাংশ কোটা ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে মোট ৪৯.৫ শতাংশ কোটা থাকলেও ভারতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। এক পরিবার একটিই কোটা সুবিধা। যদি কেউ উচ্চ শিক্ষার জন্য কোটা গ্রহণ করেন তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না।

পাকিস্তান: পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে। বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় সেখানে। পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। পাকিস্তানে সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র ৭.৫ শতাংশ চাকরি মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে।

বাকি ৯২.৫ শতাংশ চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত। সরকারি চাকরি সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য। পাঞ্জাবের ৫০ শতাংশ, সিন্ধু প্রদেশের জন্য ১৯ শতাংশ, খাইবার-পাখতুনওয়ার জন্য রয়েছে ১১.৫ শতাংশ, বালুচিস্তানের জন্য ৬ শতাংশ আর গিলটের জন্য রয়েছে ৪ শতাংশ আর আজাদ কাশ্মীরের জন্য ২ শতাংশ।

নেপাল: নেপালের সরকারি চাকরিতে কোটা দুই ভাগে করা আছে। একটি ৫৫ শতাংশ সাধারণ কোটা এবং অন্যটি ৪৫ শতাংশ সংরক্ষিত কোটা। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মধেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে।

kota2

মালয়েশিয়া: মালয়েশিয়ার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার। মোট জনসংখ্যার মধ্যে ৫০.১ শতাংশ মালয়, ২২.৬ শতাংশ চাইনিজ, ৬.৭শতাংশ ভারতীয়,১১.৮ শতাংশ স্বদেশজাত এবং ৮.৮ শতাংশ অন্যান্য। ধর্মীয় দিক থেকে মোট ৬০.১ শতাংশ মুসলিম, ১৯.৮ শতাংশ বৌদ্ধ, ৯.২ শতাংশ খ্রিস্টান, ৬.২শতাংশ হিন্দু এবং ৩.৪ শতাংশ অন্যান্য।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট ৫৫ শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী।উচ্চশিক্ষা, চাকরি, স্বল্পমূল্যে বাসস্থানসহ সকল ক্ষেত্রে ৬০শতাংশ ভোগ করে মালয় জনগোষ্ঠী বাকি ৪০ শতাংশ সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী।

তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যে সব বিশ্ববিদ্যালয় পরিচালিত সেখানে মোট সিটের মোট ১৯ শতাংশ পায় চাইনিজরা এবং চার শতাংশ ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। বাদ বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী, যারা ভূমিপুত্র নামেও পরিচিত।

জাপান: জাপানে বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা পাঁচ শতাধিক হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে।

চীন: চীনের মোট জনসংখ্যার ৮ শতাংশ হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায়। তাদের জন্য সরকারি চাকরিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনো ১ দশমিক ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয়।

kota3

কানাডা: উন্নত রাষ্ট্র কানাডায়ও রয়েছে কোটা তবে সে কোটা প্রয়োগ হয় প্রকৃত অনগ্রসর জনগোষ্ঠীদের জন্য। কানাডায় মূলত চারটি শ্রেণির জন্য কোটা প্রযোজ্য। চারটি শ্রেণি হচ্ছে নারী, প্রতিবন্ধী, আদিবাসী এবং সংখ্যালঘু। চারটি শ্রেণীর মোট কত শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে সেটা সুস্পষ্ট ভাবে কানাডার এমপ্লয়মেন্ট ইকুইটি অ্যাক্টে নির্দিষ্ট ভাবে বলা না হলেও সেটা কখনোই মেধার চেয়ে বেশী নয়।

ইউরোপীয় ইউনিয়ন: নারীর ক্ষমতায়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্তদেশগুলো ২০১২ সালে এক পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে ২০২০ সালের মধ্যে নন-এক্সিকিউটিভ চাকরিগুলোতে যেন ৪০ শতাংশ নারী প্রতিনিধিত্ব করতে পারে। তবে এসব দেশে কোটা থাকলেও তা কখনও মেধার চেয়ে বেশি নয়। মোট কথা সরকারি চাকরিতে সেসব দেশ মেধাবীদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে।