কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৫৪, সেনাসহায়তা দাবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদ জেলায় প্রবল বৃষ্টিতে চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। কেরালা সরকার ভূমিধসের পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযানের জন্য ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে নিহতে সংখ্যা বেড়ে অন্তত ৫৪, ভূমিধসে আটকা পড়েছেন শতাধিক মানুষ। এনডিআরএফসহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, দুর্গত মুন্ডক্কাই, চুরমালা, আট্টমালা এবং নুলপুঝা গ্রামগুলো এখন ভূমিধসের কারণে বিচ্ছিন্ন। বন্যার পানিতে ভেসে যাওয়া যানবাহনগুলো গাছের গুঁড়িতে আটকে থাকতে এবং অনেক জায়গায় পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। 

বড় বড় পাথরের পাহাড় উদ্ধার কর্মীদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকাজে নিয়োজিতদের প্রবল বৃষ্টির মধ্যেও মৃত ও আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

এনডিটিভি বলছে, ভূমিধসের পর জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। সব সরকারি সংস্থা উদ্ধারকাজে নেমেছে বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রশাসনের পক্ষ থেকেও সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে আটকে থাক লোকজনকে দ্রুত বের করে আনা সম্ভব হয়। রাজ্যের মন্ত্রীরাও একে একে পৌঁছচ্ছেন ওই পাহাড়ি এলাকায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের নিয়ে উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী মোদি এই প্রসঙ্গে কেরালায় বিজেপির একমাত্র সংসদ সদস্য কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সাথে কথা বলেছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়া কথা জানিয়েছে। 

কেরালা রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ ছাড়াও, কান্নুর প্রতিরক্ষা সুরক্ষা কর্পসও উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।