চাকরিতে অবসরের বয়স বাড়াচ্ছে চীন

চীনের বাড়ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। সেই সঙ্গে চাপ বাড়ছে অবসর ভাতার বাজেটে। এই দুই সমস্যা নিরসনে এবার দেশটি অবসর নেয়ার বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ধাপে ধাপে কার্যকর হবে। ১৯৫০ সালের পর এই প্রথমবার অবসর নেয়ার বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলো চীন।

শুক্রবার, চীনের শীর্ষ আইনসভায় ব্লু-কালার (শ্রমিক-কর্মচারী) চাকরিতে নারীদের জন্য অবসরের বয়স ৫০ থেকে বাড়িয়ে ৫৫ এবং হোয়াইট-কালার (উচ্চমানের কর্মকর্তা) চাকরিতে নারীদের অবসর নেয়ার বয়স ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি ধাপে ধাপে কার্যকর হবে।

আর পুরুষদের ক্ষেত্রে অবসরের বয়স তিন বছর বাড়িয়ে করা হয়েছে ৬৩ বছর। অবসরের বয়স বাড়ানোর কারণ হিসেবে করা হয়েছে, চীনে একটি বার্ধক্য জনসংখ্যা বেড়ে গেছে। ফলে, একসঙ্গে অনেককে পেনশন দিতেও সরকারের হিমশিম খেতে হচ্ছে। জাতীয় বাজেটে টান পড়ছে।

china1

চীনে বর্তমানে চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়সসীমা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। সিনহুয়া জানিয়েছে, পাস হওয়া নতুন সিদ্ধান্ত আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আগামী ১৫ বছরে অবসরের বয়স সীমা বাড়ানো হবে। পাশাপাশি নির্দিষ্ট বয়সের আগে কাউকে অবসরে যেতেও অনুমতিও দেয়া হবে না।

সিনহুয়া আরও জানিয়েছে, গড় আয়ু, স্বাস্থ্য পরিস্থিতি, জনসংখ্যার কাঠামো, শিক্ষার স্তর ও চীনে কর্মশক্তি সরবরাহের ব্যাপক মূল্যায়নের ওপর ভিত্তি করে অবসরের বয়সসীমা বাড়ানোর এবং পেনশন নীতির সমন্বয় করার পরিকল্পনাটি নেয়া হয়েছে। কেউ চাইলে অবসরের বয়সসীমা সর্বোচ্চ তিন বছর বাড়াতে পারবেন।

অবসরের বয়স বাড়ানোর ঘোষণা চীনের সামাজিক মাধ্যমগুলোতে কিছুটা সংশয় ও অসন্তোষ তৈরি করেছে। দেশটির সামাজিক মাধ্যম ওয়েইবোতে একজন লিখেছেন, আগামী ১০ বছরে হয়তো আরেকটি বিল আসবে, যা আমাদেরকে ৮০ বছর না হওয়া পর্যন্ত অবসর গ্রহণ করতে দেবে না।

china2

তবে কেউ কেউ এই ঘোষণাটিকে প্রত্যাশিত ছিল বলে মত দিয়েছে। একজন লেখেন, এটি প্রত্যাশিত ছিল। এ নিয়ে হল্লা করার কিছু নেই। আরেকজন লেখেন, বেশিরভাগ ইউরোপীয় দেশে পুরুষেরা অবসর নেন ৬৫ বা ৬৭ বছর বয়সে। আর নারীরা অবসরে যান ৬০ বছর বয়সে। এদেশেও এই প্রবণতা দেখা যাচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের যে বিপুল জনসংখ্যা, তা ২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের জন্য হ্রাস পেয়েছে। কারণ মৃত্যুর চেয়ে দেশটির জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে। তবে, দেশটির গড় আয়ু বেড়ে ৭৮.২ বছর হয়েছে বলে চলতি বছরের শুরুর দিকে জানা গিয়েছিলো।