যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। ৯ সপ্তাহ আগে আরেক হামলায় বেঁচে যাওয়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে নিরাপদ ও ভালো আছেন। খবর এপির।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এপি জানায়, ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্টরাও ছিলেন। ট্রাম্পের খেলার জায়গা থেকে প্রায় ৪০০ গজ দূরে ঝোপের মধ্যে একজন অ্যাভটোম্যাট কালাশনিকোভা (একে) ধরনের একটি অ্যাসলট রাইফেল ট্রাম্পের দিকে তাক করেছিলেন।
পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেন, বন্দুকধারীকে দেখে একজন এজেন্ট গুলি চালায়। পরে ওই বন্দুকধারী রাইফেল ফেলে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এসময় আগ্নেয়াস্ত্রটির দুটি ব্যাকপ্যাকসহ নিশানা করার জন্য একটি গোপ্রো ক্যামেরা জব্দ করা হয়। পরে ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।
এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশে ট্রাম্পকে গুলি করা হয়েছিল। একটি বুলেট তার কানের কাছে আঘাত করেছিল। এর আট দিন পরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে এসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের মনোনয়ন দিয়েছিলেন।