সাংহাইয়ে ছুরি সন্ত্রাসের বলি তিন, জখম ১৫

চীনের অন্যতম বাণিজ্যিক শহর সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপার মার্কেটের ভেতরে ছুরি সন্ত্রাসের বলি হয়েছেন তিনজন এবং জখম হয়েছেন আরও ১৫ জন। সোমবার রাতে, শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াংয়ের একটি শপিং মলে এ ঘটনা ঘটে। যেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা আরও বলেছে, ব্যক্তিগত আর্থিক দুর্গতির কারণে সৃষ্ট ক্রোধ প্রশমন করতেই ওই ব্যক্তি সাংহাই এসেছিলেন। তদন্ত এখনও চলমান আছে। বিস্তারিত তথ্য আরও পরে দেয়া হবে। 

পুলিশ জানিয়েছে, যে তিনজন মারা গেছে, তাদের আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান। অন্যরাও এখনো বিপদমুক্ত নয়। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে। এনিয়ে উদ্বেগে আছে দেশটির কর্তৃপক্ষও। 

শি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সব জায়গায় ছিল রক্তের ছড়াছড়ি। এই ধরনের আকস্মিক ঘটনা প্রচণ্ড ভয়াবহ। লোকটি ছিলো উম্মত্ত এবং ভয়ঙ্কর। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। চীনের সামাজিক মাধ্যমে এই হামলার আলোচনা সেন্সর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে, চীনের দক্ষিণাঞ্চলে ১০ বছর বয়সী এক জাপানি শিশুকে তার বিদ্যালয়ের কাছেই ছুরিকাঘাত করা হয়। হামলার একদিন পর শিশুটি মৃত্যুবরণ করে। চলতি বছর জুন মাসে, উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন শহরে চার মার্কিন কলেজ প্রশিক্ষকের ওপর ছুরি হামলা চালানো হয়েছে। তার আগের মাসে, দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে এক ব্যক্তি ছুরিকাঘাতে ২ জন নিহত ও ২১ জন আহত হয়।