লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হুথিদের হামলা

জেগেছে লোহিত সাগরের সিংহরা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দোসর ব্রিটিশ তেলের ট্যাঙ্কার কর্ডেলিয়া মুনকে লক্ষ্য করে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। হুতিদের সি ড্রোনে দাউ দাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্কার। জাহাজটি পানামা পতাকাবাহী। 

ইয়েমেনে লোহিত সাগরের হুদেইদাহ বন্দরে কর্ডেলিয়া ছাড়াও আরও একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে যোদ্ধারা। দুটো জাহাজের ক্রুরা নিরাপদে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

যদিও জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক অক্টোবরের সেই হামলার ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা।    

শুধু সাগরেই নয়, তেল আবিবেও ছুটে গেছে হুতিদের অত্যাধুনিক পাঁচটি ড্রোন। বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন। 

ইয়াহিয়া সারি বলেন, ড্রোনগুলো দখল করা শহর জাফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। সেগুলোকে শনাক্ত করতে পারেনি ইসরাইল। তারা বলছে, এই আক্রমণ প্রতিশ্রুত বিজয় যুদ্ধের পঞ্চম পর্যায়ের অংশ।

গাজা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি তেল আবিবের আকাশে ভেসে থাকা অবস্থায় গুলি করে ধ্বংস করা হয়। 

এর ফলে কম উচ্চতায় বিস্ফোরণ ঘটে। এর একদিন আগে হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ও নাকাবের রোতম শিল্পাঞ্চলকে কুদস পাঁচ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে দাবি করা হয়েছে। 

এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো উন্মোচন করা হয়। হুথিরা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এবং হুতির সঙ্গে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবার উত্তর ইসরাইলে বেজে ওঠে আকাশ সতর্কতা সাইরেন। দেশটির হাইফা বে’তে সামরিক অবকাঠামো লক্ষ্য করে ছুটে গেছে হিজবুল্লাহর ড্রোন। যদিও হিজবুল্লাহর রকেট প্রতিহতের দাবি করেছে ইসরাইল।