টিকাপ্রাপ্ত বিদেশিদের জন্য খুলছে উমরাহর দরজা

বিশ্বের বিভিন্ন দেশের কোভিড-১৯ টিকাপ্রাপ্ত মুসলমান নাগরিকদের উমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি আরব।

সোমবার (৯ আগস্ট) থেকে টিকা নেওয়া মুসল্লিরা উমরাহ করার উদ্দেশ্যে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ্ব ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে প্রতি মাসে ষাট হাজার উমরাহকারীকে অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা বিশ লাখে উন্নীত হবে। 

বিদেশি নাগরিকদের আবেদনপত্রের সাথে করোনা ভাইরাসের টিকা পাওয়ার সনদপত্র জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। 

আর যারা সৌদি আরবের নো এন্ট্রি লিস্টের দেশ থেকে উমরাহ করতে যাবেন তাদের সেখানে পৌঁছানোর পর প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে। তবে, এ লিস্টে বাংলাদেশের নাম নেই। 

আরও পড়ুন: আফগানিস্তানে বোমা হামলায় বিমান বাহিনীর পাইলট নিহত

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য উমরাহর অনুমতি দেয় সৌদি সরকার।

আর দুই বছরই দেশটিতে সীমিত পরিসরে হজ্ব পালন করা হয়। 

সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আট হাজার তিনশ' মানুষের মৃত্যু হয়েছে। 



একাত্তর/এসজে