তরুণদের কাছে টানছেন কমলা, অভিবাসী নিয়ে উম্মত্ত ট্রাম্প

আমেরিকার ফিলাডেলফিয়ায় ভোটের প্রচারে তরুণদের কাছে ভোট চেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এ সময়, ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধ করার আশ্বাসও দেন তিনি। অন্যদিকে, নিউইয়র্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক।

রোববার দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। এ সময় ফিলাডেলফিয়াতে দেয়া বক্তব্যে কমলা জেন জি প্রজন্মের ভোটারদের গুরুত্ব দেন এবং তাদের কাছে টানার চেষ্টা করেন।

X15

তাদের উদ্দেশে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বলেন, আমি কিছু সময় কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জি প্রজন্মের থেকে কেউ আছে? আমি তোমাদের ওপর নির্ভর করছি কারণ আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের শক্তি দেখছি।

ফিলাডেলফিয়ায় বক্তব্য দেয়ার সময় বেশ কয়েকবার কমলা হ্যারিসকে থামিয়ে দেন উপস্থিত জনতা। তাদের মধ্যে অনেকের হাতেই ফিলিস্তিনি পতাকা দেখা গেছে। ক্ষমতায় গেলে গাজা যুদ্ধের অবসান ও ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

X16

কমলা বলেন, যুদ্ধ শেষ করে জিম্মিদের ফিরিয়ে আনার সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে। ক্ষমতায় গেলে এর জন্য যা কিছু করতে হয়, আমি করবো। আমরা এখানে এসেছি, কারণ আমরা আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

এদিকে, রোববার নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশে কমলার কঠোর সমালোচনার পাশাপাশি ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে জয়ের খুব কাছাকাছি রয়েছেন তিনি। সমাবেশে যোগ দেন ধনকুবের ইলন মাস্কও। তবে এবারও অভিবাসীদের নিয়ে বিরুপ মন্তব্য করা হয়েছে ট্রাম্পের সমাবেশে।

নিউইয়র্কে বহু বছর ধরেই বেশ জনপ্রিয় ট্রাম্প। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই নিউইয়র্কে জয় পেতে চাইছেন তিনি। সমাবেশেও লাতিন নারীদের সম্পর্কে বিরুপ মন্তব্য করেন কমেডিয়ান হিঞ্চ ক্লিফ। এছাড়াও ক্যারিবিয় দ্বীপকে তিনি ময়লার ভাগাড় বলেন।

X17

এধরণের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। সমালোচকরা বলছেন, ট্রাম্প সব সময়ই শেতাঙ্গ আধিপত্যবাদ, মানবতাহীনতা এবং বর্ণবাদের পৃষ্ঠপোষক।

বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন? এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না’। এসময় অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প।

অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। এছাড়া, কমলা হ্যারিসের আইকিউ কম বলেও উপহাস করেন ট্রাম্প।