শান্তির আহ্বান প্রত্যাখ্যান তালেবানের

আফগানিস্তানে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহলের আহ্বান প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান গোষ্ঠী। 

গত শুক্রবার থেকে এখন পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে গোষ্ঠীটি। উত্তরের আরও দুই শহরে সরকারি বাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ চলছে। 

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, আফগান এবং মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন তালেবান জঙ্গি নিহত হয়েছে। 

এদিকে, সামনে আরও মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছে তালেবান গোষ্ঠীর এক মুখপাত্র। 

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন: মানবজাতিকে চূড়ান্ত হুঁশিয়ারি

গত কয়েক সপ্তাহে দ্রুত আফগানিস্তানের বেশ কিছু এলাকা দখলে নিয়ে নিয়েছে তলেবান। এর মধ্যে রয়েছে কুন্দুজ, হেলমান্দ ও নিমরোজ প্রদেশের রাজধানী। 

তবে, কুন্দুজে এখনও সরকারি বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আফগান সরকার। 

এখন তারা বাগলান প্রদেশের রাজধানী পুল-এ-খুমরি দখলের দিকে মনোযোগ দিচ্ছে বলে বিবিসিকে জানিয়েছে তালেবানের আরেক মুখপাত্র। সেখানে সরকারি বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধের খবর পাওয়া গেছে। 

অন্যদিকে, সোমবার (৯ আগস্ট) সকালে লস্কর গাহের পুলিশ হেডকোয়ার্টারের বাইরে বোমা বিস্ফোরিত হয়েছে। গত দুইদিনে সেখানে অন্তত ২০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নগরবাসী। 


ছবি: বিবিসি

একাত্তর/এসজে