বিস্ফোরণে নিহত রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে মারা গেছেন দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। এ ঘটনায় কিরিলভের সহকারীও নিহত হয়েছেন। মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। একটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে বিস্ফোরকটি রাখা ছিলো। তা ফাটতেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই রুশ পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এবং তাঁর সহকারীর দেহ। 

কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ ইনডিপেনডেন্ট ও আরবিসি ইউক্রেন জানিয়েছে, কিরিলভকে হত্যা করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা, জেনারেল কিরিলভের হত্যাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে। কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো বলেন, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচারের অভিযোগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক অস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন জেনারেল কিরিলভ। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান্সকি প্রসপেক্টর আবাসনের বাইরে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক অস্ত্র সুরক্ষার প্রধান ইগর কিরিলভ বিস্ফোরণে নিহত। বোমা হামলায় তাঁর সহকারীরও প্রাণ গিয়েছে।

রুশ সংবাদমাধ্যমে বিস্ফোরণস্থল এবং স্কুটারের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে ছিন্নভিন্ন দু’টি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশবাহিনী। ফৌজদারি একটি মামলাও দায়ের হয়েছে। রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যু আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, জেনারেল কিরিলভকে হত্যা করা হয়েছে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসটির ধারণক্ষমতা প্রায় ৩০০ গ্রাম টিএনটি সমতুল্য। ৩০০ গ্রাম টিএনটি বিস্ফোরক ১৭ মিটার দূরত্বের ছোট জানালা ভেঙে দিতে পারে, বা দেড় দূরত্বে ইটের বাড়ির ক্ষতি করতে পারে।

একই পরিমাণ টিএনটির বিস্ফোরণ যদি একজন ব্যক্তির প্রায় এক দশমিক ৫৫ মিটার দূরত্বে ঘটে, তবে তা মৃত্যুর কারণ হতে পারে। প্রত্যক্ষদর্শী এক নারী রয়টার্সকে বলেন, প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো সিমেন্ট নামানো হচ্ছিল বা এমন কিছু। কিন্তু বিস্ফোরণ এত জোরে ছিল যে, এটি নির্মাণ কাজের মতো মনে হচ্ছিল না। এটি খুব ভয়াবহ ছিলো। 

তাসের তথ্য অনুযায়ী, কিরিলভ কস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে বিপজ্জনক উপকরণের সঙ্গে যুক্ত বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স ট্রুপসের প্রধান পরিচালনা পর্ষদের পদও অন্তর্ভুক্ত। ২০১৭ সালের এপ্রিলে তিনি পারমাণবিক ও জৈব রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান।

কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) কিরিলভকে সোমবার ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দণ্ডিত করেছে। এসবিইউর দাবি, কিরিলভের নেতৃত্বে রাশিয়া প্রায় ৫ হাজার বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। 

ইউক্রেনের সেনাবাহিনীর কর্নেল আর্টেম ভ্লাসিয়ুকের মতে, যুদ্ধের সময় ২ হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা রুশ রাসায়নিক বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

ইউক্রেনের যুদ্ধে কিরিলভের ভূমিকার জন্য যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্য বিশ্বাস করে, রুশ বাহিনী ইউক্রেনে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ‘টক্সিক চোকিং এজেন্ট ক্লোরোপিক্রিন’ ব্যবহার করেছে। যদিও ক্রেমলিন এমন দাবি অস্বীকার করেছে।