সৌদি আরবে ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আইন ভঙ্গের অভিযোগ ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে থাকা, কাজ ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ রয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। 

এই প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৬ হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সরকারি হিসাবে বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের ও ২ শতাংশা অন্যান্য দেশের নাগরিক।  

এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ৩১ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং দুই হাজার ৫৩৪ জন নারী।

এর আগের সপ্তাহে, অর্থাৎ গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবে চালানো অভিযানে ২০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের  অভিযোগে ২০ হাজার ১৫৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন গ্রেপ্তার অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।