পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরো নিষেধাজ্ঞা, বললেন ট্রাম্প

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাশুল, নিষেধাজ্ঞা জারি হবে রাশিয়ার ওপর।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতেই হবে, না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্রাম্প বলেছেন, এখনই মীমাংসা করুন, এই ‘হাস্যকর’ যুদ্ধ থামান। না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প এই প্রথমবার পুতিনকে নিয়ে মুখ খুললেন।

তিনি বলেছেন, আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া ও যুদ্ধে অংশ নেয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর, শুল্ক বসানো ও আরো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না।