ক্যারিবিয় দ্বীপ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিলো সাত দশমিক দুই। এতে দেশটির পশ্চিমে ভবন ও দালানের ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পটি কেন্দ্র ছিলো দেশটির জনবহুল রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে। কম্পনের মাত্রা এতোই তীব্র ছিলো যা আশপাশের বিভিন্ন দ্বীপেও অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীদের ছবি ও বর্ণনা অনুযায়ী ভূমিকম্পের ফলে হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে স্কুল এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরটির বাসিন্দারা সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি শেয়ার করেছেন। সেসবে দেখা যাচ্ছে ভবনের ধ্বংসাবশেষের সঙ্গে একটি গির্জাও রয়েছে, যেখানে কম্পনের সময় একটি অনুষ্ঠান চলছিলো।
ভূমিকম্পের পরপরই হাইতিতে সুনামি সতর্কতা জারি করা হয়। ইউএসজিএস জানিয়েছে, দ্বীপটির উপকূলীয় এলাকায় দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
হাইতির নাগরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক জেরি স্যান্ডলার এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।
আরও পড়ুন: কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে তালেবানরা
ভূমিকম্পের খবর পেয়ে হাইতির প্রেসিডেন্ট উপদ্রুত এলাকায় ছুটে গেছেন এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করা নির্দেশ দিয়েছেন।
১১ বছর আগে, ২০১০ সালে হাইতিতে সাত মাত্রার ভূমিকম্পে পোর্ট অব প্রিন্স ও আশপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ে এবং বহু মানুষ গৃহহীন হয়।
একাত্তর/আরএ