বিশ্বে উগ্রপন্থা আরও শক্তিশালী হবার আভাস

বিশ্বের বিভিন্ন দেশে নানা রূপে উগ্রপন্থার উত্থান নিয়ে আলোচনা চলছে। কোথাও রাজনৈতিক, কোথাও সামাজিক ক্ষেত্রে উগ্রপন্থা শক্তিশালী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। উগ্রবাদ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান, গ্লোবাল প্রজেক্ট অ্যাগেইনস্ট হেইট অ্যান্ড এক্সট্রিমিজমের ‘হুমকির মুখে গণতন্ত্র’ শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার বিভিন্নও দেশেও বাড়ছে উগ্রপন্থা। 

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরপরই ঘোষণা দিয়েছেন, লিঙ্গ বলতে তিনি শুধু নারী এবং পুরুষকেই বোঝেন। অভিবাসীবিরোধিতা, এলজিবিটিকিউ বিরোধিতা, ষড়যন্ত্র তত্ত্ব, রাশিয়া ঘনিষ্ঠতা, এমন নানা ইস্যুতে ট্রাম্পের নীতি হোয়াইট সুপ্রিমেসিস্ট গোষ্ঠীগুলোকেই সমর্থন করে বলেও অভিযোগ উদারপন্থিদের। এর ফলে দেশটিতে আদর্শিক বিভাজন বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে ‘হুমকির মুখে গণতন্ত্র’ শীর্ষক এক প্রতিবেদনে।

জার্মানিতে কট্টর ডানপন্থি অল্টারন্যাটিভ ফর ডয়েচল্যান্ড সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ইতিহাসের সেরা সাফল্য পেয়েছে। ১৫২ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।

কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০২২ সালে নির্বাচনে হারার পরও উগ্র ডানপন্থিদের নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারেনি ব্রাজিল সরকার। নির্বাচনে হারের পর অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। 

ভারতে কেবল উগ্র ডানপন্থি হিন্দুত্ববাদ নয়, কোনো কোনো অঞ্চলে উগ্র বামপন্থাও দীর্ঘ দিনের সংকট। আসাম, নাগাল্যান্ড এবং মনিপুরে জাতিগত সংঘাতে প্রায়ই প্রাণহানির ঘটনাও ঘটেছে। গ্লোবাল প্রজেক্ট অ্যাগেইনস্ট হেইট অ্যান্ড এক্সট্রিমিজমের হুমকির মুখে গণতন্ত্র শীর্ষক প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে হিন্দু জাতীয়তাবাদের উত্থানে ধর্মীয় সংখ্যালঘুরা আরো বেশি আক্রান্ত হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

ধর্মীয় উগ্রপন্থার পাশাপাশি বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরাও দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথাব্যথার কারণ। সম্প্রতি ট্রেনের যাত্রীদের জিম্মি করে বালুচ লিবারেশন আর্মি বিএলএ। নিরাপত্তা বাহিনীর অভিযানে অর্ধশত মানুষ নিহত হন। ১৩ মার্চ আফগান সীমান্তে চেক পোস্টে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের আত্মঘাতি বোমা হামলায় একাধিক সেনা নিহতের ঘটনা ঘটে। ১৪ মার্চ ঘটেছে মসজিদে বোমা হামলার ঘটনা।

এ বছরের জানুয়ারিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেশ কয়েকজন তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফেব্রুয়ারিতে নারীশিক্ষা বন্ধ ইস্যুতে তালেবান সরকারের সমালোচনা করায় দুবাইয়ে পালাতে বাধ্য হন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

নারীদের লক্ষ্য করে ভিন্নমত দমন করে আসছে ইরান সরকার। ২০২২ সালে মাহসা আমিনি হত্যার প্রতিবাদে নারীদের বিক্ষোভের পর থেকে নিপীড়ন আরো জোরদার হয়েছে।