মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এ তথ্য। এর আগে তিন জন নিহতের কথা জানা গিয়েছিলো।
থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন প্রাথমিকভাবে বলেছিলো, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।
পরে থাইল্যান্ড সরকারের তরফে জানা যায়, অন্তত ৮১ জন আটকা পড়েছেন। ধসের সময় সেখানে প্রায় ৩২০ জন কর্মী ছিলেন। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতালও স্থাপন করা হয়েছে।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিলো।
ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে ওই ভবনে কাজ করা শ্রমিকরা জানিয়েছেন, ভবনধসের সময় ঘটনাস্থলে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন এবং ২০ জন লিফটের খাদে আটকা পড়েছেন।
হতাহতের সংখ্যা সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল বানিয়েছে।
‘যখন আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছালাম, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। আমাকে সাহায্য কর, বলে চিৎকার করছে’ বলছিলেন ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই।
ভবনটি সরকারি অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিলো।