ইরানের রাজধানী তেহরানে দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসাইন সালামি। পাশাপাশি দেশটির আরও কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও তেহরান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।
ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাতাম আল-আনবিয়ার সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ শুক্রবার ভোরে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা।
বিবৃতিতে তিনি আরও বলেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর ৩টা থেকে “জরুরি কার্যক্রম ছাড়া সবকিছু” বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।