গাজায় একদিনে ৮১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারশ'র বেশি মানুষ। 

শনিবার (২৮ জুন) দুপুর থেকে এর আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। 

প্রত্যক্ষদর্শী ও আল-শিফা হাসপাতালের কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, গাজা নগরে একটি স্টেডিয়ামের অদূরে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হন। উদ্বাস্তু হাজারো ফিলিস্তিনি তাঁবু গেড়ে ওই স্টেডিয়ামে আশ্রয় নিয়েছিলেন। 

এছাড়া ইসরাইলি হামলায় আল-মাওয়ারি এলাকার আবাসিক ভবন ও তাবুতে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। 

সেখানকার জাফা স্কুলের পাশে তুফাহ এলাকায় বিমান থেকে বোমা বর্ষণে অন্তত আটজনের মৃত্যুর খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গাজা কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। হামলায় ধ্বংসস্তূপের নিচে ও বিভিন্ন সড়কে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছুতে বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের বেগ পেতে হচ্ছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাবে, এ পর্যন্ত গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

তবে গত শুক্রবার ইসরাইলের সংবাদপত্র হারেৎজ এক গবেষণার বরাতে জানায়, গাজায় ইসরাইলের আগ্রাসনে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।