ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মালয়েশিয়ান অভিনেত্রীর

মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ দেওয়ার নাম করে এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান। অভিযুক্ত পুরোহিতের খোঁজে তল্লাশি শুরু করেছে সে দেশের পুলিশ।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রী মারিয়াম্মান মন্দিরে গত মাসে ওই ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ঘটনার দিন একাই মন্দিরে একা গিয়েছিলেন লিশাল্লিনি।

অভিনেত্রী জানান, মন্দিরের এক পুরোহিতের সাহায্যে তিনি সাধারণত পূজার নিয়মকানুন শিখতেন। সেদিনও সেই পুরোহিত তাকে বলেন যে, তিনি তার জন্য পবিত্র জল ও সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদ হিসেবে। পরে লিশাল্লিনিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই ব্যক্তি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিশাল্লিনি জানান, কিছুটা অস্বস্তি সত্ত্বেও তিনি পুরোহিতের ঘরে যান। সেখানে পুরোহিত তার গায়ে ও মুখে বারবার জলের ছিটে দিতে থাকেন, এমনকি চোখ খোলার অবস্থাও ছিল না তার। এরপর ওই ব্যক্তি তাকে পোশাক তুলতে বলেন। লিশাল্লিনি জানান, তিনি তা না মানায় পুরোহিত তাকে কটাক্ষ করেন ও হঠাৎই তার জামার ভিতরে হাত ঢুকিয়ে তাকে স্পর্শ করতে থাকেন।

‘আমার মাথায় হাত রেখে ও প্রার্থনা করার মতো কিছু একটা বলছিলেন। এরপর হঠাৎই আমার ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে আমাকে স্পর্শ করেন। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম,’ লেখেন তিনি।

কয়েকদিন হতবাক হয়ে থাকেন লিশাল্লিনি। পরে তার মা ভারত থেকে ফিরে এলে তিনি ঘটনাটি জানান। গত ৪ জুলাই পরিবারের সঙ্গে তিনি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে জানা যায়, অভিযুক্ত পুরোহিত ভারতীয় নাগরিক এবং মন্দিরের মূল পুরোহিত বিদেশে থাকায় সাময়িকভাবে তার দায়িত্ব পালন করছিলেন।

সেপাং জেলা পুলিশের প্রধান এসিপি নোরহিজাম বাহামান সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, যিনি মন্দিরের নিয়মিত পুরোহিতের অনুপস্থিতিতে সামাজিকভাবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্তের পদ্ধতি ছিলো ভুক্তভোগীর মুখ ও শরীরে পবিত্র জল ছিটিয়ে দেওয়ার পর তাকে অনুচিতভাবে স্পর্শ করা।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, লিশাল্লিনির অভিযোগ সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর পুলিশ ওই হিন্দু পুরোহিতের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।