এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

সোমবার (১১ আগস্ট) রাজধানী ক্যানবেরায় মন্ত্রিসভার এক বৈঠকের পর আলবানিজ এ ঘোষণা দেন। 

আলবানিজ গাজার নিয়ন্ত্রণ নেয়ার ইসরাইলি সিদ্ধান্তের সমালোচনা করে সাংবাদিকদের জানান, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন, ফিলিস্তিন সমস্যার একটি রাজনৈতিক সমাধান দরকার, সামরিক না। 

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি শান্তির পরিবর্তে যুদ্ধ বয়ে আনবে।

অস্ট্রেলিয়ার আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। 

এদিকে নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।