রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রুশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রিয়াজান অঞ্চলের ওই কারখানায় বিস্ফোরণ ঘটে।  

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ভয়াবহ বিস্ফোরণে অনাকাঙ্ক্ষিতভাবে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

এর আগে ২০২১ সালে একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটেছিলো।

রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ আজকের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে। রিয়াজান গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে দেয়া পোস্টে লিখেছেন, শোক দিবসে পুরো অঞ্চলে রাশিয়ার পতাকা অর্ধনমিত থাকবে।