বিদেশি কর্মী নিতে আবারও কলিং ভিসা উন্মুক্ত করলো মালয়েশিয়া

বিদেশি শ্রমিক নিয়োগে আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এবার কৃষি, বৃক্ষরোপণ ও খনিসহ ১৩টি উপখাতে ২৪ লক্ষাধিক কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। এই বিপুল নিয়োগের মাধ্যমে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য ফের বড় সম্ভাবনার দ্বার খুলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এই ভিসার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ভিসাপ্রত্যাশীদের। তবে বাংলাদেশ কতজন ভিসার আবেদন করতে পারবেন তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

একদিকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা অন্যদিকে বিদেশি কর্মীর নির্ভরতা কমিয়ে স্থানীয়দের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মালয়েশিয়ার বর্তমান সরকার। দেশের বেকারত্ব কমানোর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুশান ইসমাইল।

সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশে আনতে চান বিদেশি কর্মী নির্ভরতা।

নতুন এ পরিকল্পনায় ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মী মালয়েশিয়া প্রবেশের জন্য মন্ত্রিপরিষদের প্রাথমিক অনুমোদন পেয়েছে। যেখানে প্রধান খাত হিসাবে গুরুত্ব পেয়েছে কৃষি, বৃক্ষরোপণ এবং খনি। তবে, আরো ১৩ টি উপখাতেও কর্মী আনার অনুমোদন মিলেছে।

নির্মাণ, সেবা, নিরাপত্তা কর্মী নিয়োগ, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো এবং পরিচ্ছন্নতা কর্মীও কাজের উদ্দেশ্যে আসতে পারবেন মালয়েশিয়া।

তবে, কর্মী নিয়োগে পুরাতন পদ্ধতিতে আনা হয়েছে বেশ কিছু সংস্কার। গেলবারের এফ.ডব্লিউ.সি.এম.এস এর পরিবর্তে এবার যুক্ত হয়েছে এফ.ডব্লিউ.টি.সি বা ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও যৌথ কমিটি, যাদের কর্মী নিয়োগের অধিকতর যাচাই-বাছাই এর দায়বদ্ধতা থাকবে। আর কর্মী নিয়োগের আবেদনের সুযোগ যেকোনো এজেন্ট কিংবা নিয়োগকর্তা  নয় বরং খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে।

তবে, ২০২৩ সালের পর অনুমোদন দেয়া এ কোটায় কত কর্মী আসতে পারবেন, কি প্রক্রিয়ায় আসবেন, খরচই বা কত এবং কত কর্মী কোন দেশ থেকে আসবেন এসব নিয়ে এখনও বিস্তারিত জানায়নি মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ার বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাবার, পাম তেল, মাছ উৎপাদন ও নির্মাণ শিল্পে শ্রমিকের ঘাটতি তীব্র হয়েছে। তাই এত দিন নিয়োগ সীমিত রাখলেও এবার বাধ্য হয়ে শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কঠোর নিয়ম মানতে হবে।